আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে চুমু খাওয়ার অভিযোগে ১৮ বছর বয়সী এক তরুণকে, তার বাবা ও এক বন্ধুকে মারধর এবং অস্ত্রের ভয় দেখিয়ে নগ্ন করে রাস্তায় হাঁটানোর অভিযোগ উঠেছে কিশোরীর পরিবারের বিরুদ্ধে। রোববার (২৫ অক্টোবর) কলকাতার বেহালা এলাকার বসুন্ধরা পার্কে এ ঘটনা ঘটে।
পুলিশসূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে ১৮ বছর বয়সী সেই তরুণ কলকাতার খালপাড় মাঠে ১৩ বছরের এক কিশোরীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তার ১৯ বছর বয়সি এক বন্ধুও। কথা বলতে বলতে তরুণ ওই নাবালিকাকে চুম্বন করেন। তা দেখে ফেলেন নাবালিকার মামার বন্ধু। তিনি ওই কিশোরীর বাবা এবং মামাকে বিষয়টি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ, কিশোরীর বাবা প্রদীপ সরকার এবং মামা রাহুল বর্মন এসে দুই তরুণকে তাদের ক্ষুদিরামপল্লির বাড়িতে ডেকে নিয়ে যান। মামা ফোন করে ডেকে নেন তার আরও তিন-চার জন বন্ধুকে। বাড়ির মধ্যে দু’জনকে দীর্ঘক্ষণ হেনস্থা করা হয় বলে অভিযোগ।
ইতোমধ্যে ঘটনাস্থলে ডাকা হয় তরুণের বাবাকে। অভিযোগ, এর পরেই তিন জনের মাথায় বন্দুকের নল ঠেকিয়ে তাদের বিবস্ত্র হতে বাধ্য করেন কিশোরীর পরিবারের সদস্যেরা এবং বাড়ির সামনের রাস্তায় নগ্ন হয়ে প্রায় ৫০ মিটার তাদের হাঁটতে বাধ্য করা হয়। ছাড় দেওয়া হয়নি তরুণের বাবাকেও।
আজ সোমবার তরুণের বাবার অভিযোগের ভিত্তিতে কলকাতার সরশুনা থানায় মামলা হয়। ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় খুনের চেষ্টা, বিপজ্জনক অস্ত্র দিয়ে আঘাত, জোর করে তুলে নিয়ে যাওয়া, বেআইনি ভাবে আটকে রাখা, সম্মানহানি, ভয় দেখানোর অভিযোগে মামলা রুজু করা হয়েছে। সেই সঙ্গে যোগ হয়েছে অস্ত্র আইনের ধারাও যোগ করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত প্রদীপ, রাহুল এবং কিশোরীর মা রিঙ্কু সরকারকে। তিন জনের নামই এফআইআরে রয়েছে। এ ছা়ড়া বাকি অভিযুক্তদের পুলিশ খুঁজছে।
সূত্র : আনন্দবাজার