রাঙ্গামাটি প্রতিনিধি: কেক কাটা ও প্রীতিভোজের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সেক্টর সদর দপ্তর রাঙ্গামাটির সুবর্ণজয়ন্তী তথা ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী। রবিবার (১ নভেম্বর) এ উপলক্ষে রাঙ্গামাটি সেক্টর সদর দপ্তরে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার (১ নভেম্বর) দুপুরে আমন্ত্রিত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান বিজিবি রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ সিদ্দিক আলম।
এ সময় বিজিবি রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ সিদ্দিক আলম, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং যেকোনো জাতীয় সংকটে বিজিবি সবসময় অত্যন্ত পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছে।
পাহাড়ি জনপদে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবি সদস্যদের ভূমিকা প্রশংসনীয়। আগামী দিনগুলোতেও দেশমাতৃকার সেবায় এই বাহিনী আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কাজ করে যাবে।
এর আগে স্বাগত বক্তব্যে বিজিবি রাঙামাটি সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ সিদ্দিক আলম সীমান্ত রক্ষী বাহিনীর দীর্ঘ ৫০ বছরের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকেই এই বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় অসামান্য অবদান রেখে চলেছে।
সভা শেষে বিজিবি রাঙামাটি সদর সেক্টরের সুবর্ণজয়ন্তী উপলক্ষে অতিথিদের নিয়ে কেক কাটা হয় এবং এক প্রীতিভোজের মাধ্যমে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।