• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

চট্টগ্রামে অস্ত্রের মুখে সাংবাদিককে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ, প্রধান আসামি গ্রেফতার

Reporter Name / ১৮ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের হালিশহরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিককে অস্ত্রের মুখে জিম্মি, মুক্তিপণ দাবি ও বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার মামলার প্রধান আসামি মো. সাইফুল প্রকাশ ওরফে ‘ভেড়া সাইফুল’কে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে হালিশহর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

এর আগে এ মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি সৈকত (২৪), ৮ নম্বর আসামি মো. আরিফ হোসেন (২৬) এবং ১৭ বছর বয়সি এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছিল। সাইফুলকে নিয়ে এই মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল চারজনে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মঞ্জু বলেন, মামলার ১ নম্বর আসামি সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার ও ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী আবুল হোসাইন দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার। গত ১৪ অক্টোবর বিকেল সোয়া ৫টার দিকে তিনি হালিশহর থানার ২৪ নম্বর ওয়ার্ডের রমনা আবাসিক এলাকার ২ নম্বর সড়কে সংবাদ সংগ্রহ করতে যান। সে সময় এজাহারভুক্ত আসামিসহ ১০ থেকে ১২ জন ব্যক্তি তাকে ঘিরে ধরে মারধর করেন। পরে পিস্তল ও ছুরির ভয় দেখিয়ে পাশের একটি নির্জন রাস্তায় নিয়ে তাকে জিম্মি করা হয়।

এজাহারের অভিযোগ অনুযায়ী, ওই সাংবাদিকের কাছে থাকা নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার পর ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর নেওয়া হয়। পরে বিভিন্ন লেনদেনের মাধ্যমে অ্যাকাউন্ট থেকে আরও ৫৫ হাজার ৩০০ টাকা সরিয়ে নেওয়া হয়। সব মিলিয়ে তার কাছ থেকে ৭০ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, ছেড়ে দেওয়ার আগে ওই সাংবাদিককে হেয় ও ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তির একটি ভিডিও ধারণ করা হয়। ঘটনাটি প্রকাশ করলে কিংবা পুলিশের কাছে অভিযোগ করলে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এই ঘটনায় গত ১৫ অক্টোবর ভুক্তভোগী সাংবাদিক বাদী হয়ে হালিশহর থানায় একটি মামলা দায়ের করেন।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। জড়িত বাকি আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category